গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক
-
সুমুদ ফ্রিডম ফ্লোটিলা'র ত্রাণবহর
পার্সটুডে: অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে এগিয়ে যাওয়া ত্রাণবাহী জাহাজবহর ‘সুমুদ ফ্রিডম ফ্লোটিলা'র ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের নৌবাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ কর্তৃপক্ষ সোমবার জানায় যে, সমুদ্রপথে তাদের জাহাজগুলো ইসরায়েলি নৌবাহিনীর আক্রমণের শিকার হয়েছে এবং এরপর থেকেই তাদের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইসরায়েলের ‘চ্যানেল ১২’ এর রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট (এলিট ১৩) সুমুদ ফ্লোটিলাটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কাজ শুরু করেছে। ইসরায়েলি সেনারা জাহাজে থাকা মানবাধিকার ও সমাজকর্মীদের নৌযানের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়।
পাশাপাশি ইসরায়েলি সংবাদপত্র ‘ইয়েদিওথ আহরোনথ’ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওই জাহাজে থাকা সমস্ত সমাজকর্মীকে ইতিমধ্যে আটক করেছে।
জাহাজে থাকা একজন মানবাধিকার কর্মী জানান: "গাজা উপত্যকার দীর্ঘদিনের অমানবিক অবরোধ ভাঙার জন্য আমাদের এই ‘সুমুদ ফ্লোটিলা’ সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি অভিযান চালাচ্ছিল। কিন্তু আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি কর্তৃপক্ষ সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের ওপর এই আগ্রাসন চালাল।"
এদিকে, জাতিসংঘের বিশেষ মানবাধিকার দূত ফ্রান্সেসকা আলবানিজ ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া এই ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ও তার আরোহীদের সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।#
পার্সটুডে/এমএআর/১৮