সৌদি আরবের দু'টি তেলবাহী জাহাজে ইয়েমেনের হামলা
-
ইয়াহিয়া সারি
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আজ বৃহস্পতিবার ভোরে বলেছেন, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।
ফার্স বার্তা সংস্থার আন্তর্জাতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি জানান, লোহিত সাগরে আরোপিত নৌ অবরোধ অমান্য করার অভিযোগে সৌদি আরবের এনসেলিয়া ও লায়লা নামের দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।
তিনি এক বিবৃতিতে বলেন, “আমরা একটি উচ্চমানের সামরিক অভিযান পরিচালনা করেছি। লোহিত সাগরে নৌ অবরোধ লঙ্ঘনকারী সৌদি আরবের এনসেলিয়া ও লায়লা নামের দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।”
তিনি আরও বলেন, “একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অভিযানটি পরিচালিত হয়েছে। অস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এর ফলে জাহাজে আগুন ধরে যায়।”
ইয়াহিয়া সারি বলেন, এই অভিযানের ফলে প্রায় ১০টি জাহাজ পিছু হটতে এবং ফিরে যেতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, “চোখের সবদলে চোখ—এই নীতির ভিত্তিতে সৌদি শত্রুর বিরুদ্ধে আমাদের নৌ অভিযান অব্যাহত থাকবে।”
এছাড়া তিনি সতর্ক করে বলেন, “আমাদের দেশের বিরুদ্ধে সৌদি আরব যদি কোনো ধরনের আগ্রাসন বা বোকামিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তার জবাবে তাদের ভূখণ্ডের গভীরে ব্যাপক সামরিক অভিযান চালানো হবে।”#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।