ইরাকের মসুলের কাছে ৬টি গ্রাম পুনর্দখলে নিল কুর্দি বাহিনী
ইরাকের কুর্দি পেশমার্গা বাহিনী দেশটির মসুল শহরের কাছে অবস্থিত ছয়টি গ্রাম তাকফিরি দায়েশের কবল থেকে মুক্ত করেছে। দায়েশ নিয়ন্ত্রিত মসুল শহর থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগে ইরাকের সেনাবাহিনী যখন বড় ধরণের অভিযান শুরু করেছে তখন পেশমার্গা বাহিনীর এ সাফল্যের খবর এলো।
পেশমার্গা বাহিনী আজ (রোববার) ভোরে মসুলের পূর্ব অংশে অবস্থিত খাজার এলাকার তাল হামিদ, কারকাশা, আবজাখ এবং দাশ্ত তাখ গ্রামের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এ সময় তাকিফিরি দায়েশের সঙ্গে পেশমার্গা বাহিনীর তীব্র সংঘর্ষ হয় বলে কুর্দি ভাষার রুদো টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
অভিযানে দায়েশের বোমা বোঝাই দু'টি গাড়ি ধ্বংস হয়। তবে এতে তাকফিরি দায়েশ এবং কুর্দি বাহিনীর পক্ষে হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কুর্দি সূত্র দাবি করেছে, আজকের অভিযানে দায়েশের কাছ থেকে পেশমার্গা বাহিনী অন্তত ১১টি গ্রাম পুনর্দখলে নিতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪