রাষ্ট্রদূত আল-শাবানকে ফিরিয়ে নিন: রিয়াদকে বাগদাদ
-
বাগদাদে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সামের আল-শাবান
বাগদাদে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সামের আল-শাবানকে সরিয়ে নিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ইরাক। ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সাম্প্রতিক সময়ে সৌদি রাষ্ট্রদূত ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জামাল আজ (রোববার) বলেন, ৪৯ বছর বয়সি সৌদি কূটনীতিকের পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দেয়ার যথাযথ প্রক্রিয়া শুরু করতে রিয়াদের প্রতি অনুরোধ জানিয়েছে বাগদাদ। আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী যোদ্ধারা সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে যে অভিযোগ উঠেছে জামাল তাকে 'ভুল' হিসেবে আখ্যায়িত করে নাকচ করে দেন। বাগদাদ এবং রিয়াদের মধ্যে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেই এ ধরনের অভিযোগ করা হচ্ছে বলে জানান তিনি।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরণের খবর প্রকাশের আগে সাংবাদিক এবং প্রতিবেদকদের উচিত বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া।
লন্ডন-ভিত্তিক আরবি ভাষার 'আশ-শারকুল আওসাত' সংবাদ মাধ্যম সম্প্রতি দাবি করেছিল, স্বেচ্ছাসেবী বাহিনীর অন্তর্ভুক্ত খোরাসান ব্যাটালিয়ন এবং আবু ফজল আল-আব্বাস বাহিনী রকেট চালিত গ্রেনেডের মাধ্যমে সৌদি রাষ্ট্রদূত শাবানের গাড়ি বহরে হামলা চালিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৮