সৌদি হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে: জাতিসংঘ
-
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক জেমি ম্যাকগোল্ডরিক
দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে গত ১৮ মাসের সৌদি আগ্রাসনে নিহত মানুষের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
আজ (মঙ্গলবার) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক জেমি ম্যাকগোল্ডরিক ইয়েমেনের রাজধানী সানায় এ তথ্য জানিয়েছেন। ইয়েমেনের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
জাতিসংঘের কর্মকর্তা আরো বলেন, দেশটির কিছু এলাকায় হাসপাতাল না থাকায় এবং নিহতদের স্বজনদের মাধ্যমে দাফন কাজ সম্পন্ন হওয়ায় মৃতের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। এর আগে ইয়েমেনে সৌদি আগ্রাসনে নিহত ব্যক্তির সংখ্যা সম্পর্কে একই তথ্য দিয়েছিল দেশটির অভ্যন্তরীণ সূত্রগুলো।
ইয়েমেনের বিরুদ্ধে যখন সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসন চলছে তখন জাতিসংঘ এ তথ্য প্রকাশ করল। এদিকে, আজ (মঙ্গলবার) সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের রাজিহ এলাকায় একটি বেসামরিক গাড়িতে বোমা বর্ষণ করলে তিন ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/৩০