মার্কিন বাহিনী ইচ্ছাকৃতভাবেই সিরিয় বাহিনীর ওপর হামলা চালিয়েছে: আসাদ
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার সেনাবাহিনীর ওপর মার্কিন বাহিনী ইচ্ছাকৃতভাবেই বোমা বর্ষণ করেছে এবং প্রায় এক ঘন্টা ধরে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
গতকাল (বুধবার) মার্কিন সংবাদ সংস্থা এসোশিয়েটট প্রেসকে দেয়া এক সাক্ষাতকারে আসাদ রাশিয়ার সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে পড়ার জন্য আমেরিকাকে দায়ী করেছেন।
এদিকে, হামলা প্রসঙ্গে মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, দায়েশ বিরোধী অভিযান চালানোর সময় ভুলবশতঃ এবং অনিচ্ছাকৃতভাবে দেইর আয-জোরে সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলা হয়ে থাকতে পারে।রাশিয়ার পক্ষ থেকে এ হামলা বন্ধ করার আহ্বান জানানো হলে পাঁচ মিনিটের মধ্যে তা স্থগিত করা হয়।
প্রেসিডেন্ট আসাদ বলেন, উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই চালাতে ওয়াশিংটনের কোনো ইচ্ছা নেই। অথচ দায়েশকে নির্মূলের কথা বলে আমেরিকা, তুরস্ক এবং তাদের মিত্রদেশগুলো সিরিয়ায় সামরিক অভিযান চালাচ্ছে।
প্রেসিডেন্ট আসাদ আরো বলেন, "সিরিয়া যুদ্ধ ছয় বছরে গড়িয়েছে। তাকফিরি গোষ্ঠী দায়েশ এবং অন্যান্য গোষ্ঠীর প্রতি মদদ দেয়ার ফলে এ যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে।" এছাড়া, আলেপ্পো শহরে মানবিক ত্রাণ বহরে সিরিয়া বা রাশিয়ার জঙ্গিবিমান হামলা চালিয়েছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে তাও প্রত্যাখান করেন তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/২২