‘দায়েশের প্রধান সরবরাহ রুট বিচ্ছিন্ন করার কাছাকাছি ইরাক’
-
ইরাকি বাহিনী
ইরাকের মসুল শহরের বাইরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ব্যবহৃত পশ্চিমাঞ্চলীয় রসদ সরবরাহের পথ বিচ্ছিন্ন করার কাছাকাছি রয়েছে দেশটির সামরিক বাহিনী।
ইরাকের বৃহত্তম স্বেচ্ছাসেবী বাহিনীর কমান্ডার হাদি আল-আমেরি আজ (বৃহস্পতিবার) জানান, তার যোদ্ধারা অভিযানের প্রথম ধাপ শেষ করেছে। সেনাবাহিনী, নিরাপত্তা ও কুর্দিবাহিনী দক্ষিণ, পূর্ব ও উত্তরে তাদের অবস্থান জোরদার করেছে। তিনি বলেন, “আল্লাহ চাইলে আজ হাশ্দ অভিযানের প্রথম ধাপের সমাপ্তি ঘটবে। মসুল যাওয়ার পথে তাল আফার ও মুহালাবিয়া এলাকার মধ্যে শত্রুদের সরবরাহ পথ বিচ্ছিন্ন করা হবে।”
শিয়া ও সুন্নি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত আমেরির ‘বদর অর্গানাইজেশন’ হচ্ছে হাশ্দ আশ-শাব বাহিনীর সবচেয়ে বড় গেরিলা দল। হাশদ বাহিনী মসুল শহর পুনরুদ্ধারের জন্য পাঁচ দিন আগে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে এবং ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল শহরের ৫৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত তাল আফার শহরের দিকে হামলা শুরু করেছে। প্রতিবেশী সিরিয়ার দায়েশ নিয়ন্ত্রিত রাকা ও ইরাকের মসুল শহরের মধ্যে সংযোগ শহর হলো তাল আফার। এ শহরের পশ্চিম অংশ বিচ্ছিন্ন করলে মসুলের ভেতরে চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়বে তাকফিরি জঙ্গি গোষ্ঠীটি।
আমেরি বলেন, “এই সেই এলাকা যেখান থেকে দায়েশ সন্ত্রাসীরা মসুলে প্রবেশ করেছে। এই পথ বিছিন্ন করা মানে শত্রুদের রসদ সরবরাহের পথ ও চারপাশ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলা।”
এদিকে উগ্র তাকফিরি জঙ্গী গোষ্ঠী দায়েশের কথিত খলিফা আবু বকর আল বাগদাদি তার অনুগত সন্ত্রাসীদের লড়াই চালিয়ে যেতে বলেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩