যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইয়েমেনে হামলা চালাল সৌদি বাহিনী
দারিদ্রপীড়িত ইয়েমেনে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি লঙ্ঘন করে সৌদি জঙ্গিবিমানগুলো দেশটির বিভিন্ন এলাকায় আবারো বোমা বর্ষণ করেছে।
সৌদি জঙ্গি বিমানগুলো ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তা'য়িজ প্রদেশের একটি এলাকায় কয়েক দফা বোমা বর্ষণ করেছে বলে দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
এছাড়া, আগ্রাসী সৌদি বাহিনী হোদায়দা প্রদেশের সালিফ, সাদা প্রদেশের পার্শ্ববর্তী মারান এলাকা এবং সানার হোশায়াশ এলাকায়ও বোমা বর্ষণ করেছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
এদিকে, ইয়েমেনি বাহিনী দেশটির সীমান্তবর্তী বাকা এলাকায় সৌদি আরবের ভাড়াটে সেনাদের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে। এতে তাদের বহু সেনা নিহত হয়েছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি।
আজ (শনিবার) ইয়েমেন সময় দুপুর ১২টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি' ঘোষণা দেয়ার পর সৌদি বাহিনী এসব বর্বরোচিত হামলা চালাল।
সৌদি বিবৃতিতে বলা হয়েছে- পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। মানসুর হাদি বর্তমানে রিয়াদে রয়েছেন। এদিকে, যুদ্ধবিরতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নি হুথি আন্দোলন।#
পার্সটুডে/বাবুল আখতার/১৯