ইয়েমেনে ১১৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সৌদি আরব
-
ইয়েমেনে সৌদি হামলা; ১৬ নভেম্বরের ছবি
ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করার পর গত দু দিনে অন্তত ১১৪ বার তা লঙ্ঘন করেছে সৌদি বাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারাফ লুকমান এ কথা জানিয়েছেন।
জেনারেল লুকমান জানান- সানা, তায়িজ এবং সা’দা প্রদেশসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি বিমানবাহিনী যুদ্ধবিরতির মাঝেই হামলা চালিয়েছে। এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ বেশকিছু অস্ত্র ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের এ সেনা কর্মকর্তা জানান, তার দেশের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধারা এ যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু সৌদি আরব নিজেই যুদ্ধবিরতি মানে নি। এ অবস্থায় ইয়েমেনের যোদ্ধারা নিজেদের দেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছে।
গত শনিবার সৌদি আরব ৪৮ ঘণ্টার জন্য ওই যুদ্ধবিরতি ঘোষণা করে এবং ওই দিন ইয়েমেন সময় দুপুর ১২টা থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। তবে নৌ ও বিমান অবরোধ বহাল থাকবে বলে সৌদি সরকার জানিয়েছিল। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অুনরোধে সৌদি সরকার এ যুদ্ধবিরতি ঘোষণা করে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১