ইয়েমেনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আমেরিকা ও সৌদি আরব: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i26764-ইয়েমেনের_বিরুদ্ধে_গভীর_ষড়যন্ত্রে_লিপ্ত_আমেরিকা_ও_সৌদি_আরব_আনসারুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, আমেরিকা নিজেদের আধিপত্য ও প্রভাব ধরে রাখার জন্যই বিভিন্ন অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করে চলেছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
নভেম্বর ২৬, ২০১৬ ১৩:৫৭ Asia/Dhaka
  • ইয়েমেনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আমেরিকা ও সৌদি আরব: আনসারুল্লাহ

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, আমেরিকা নিজেদের আধিপত্য ও প্রভাব ধরে রাখার জন্যই বিভিন্ন অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করে চলেছে।

তিনি আরো বলেছেন, আমেরিকা বিভিন্ন দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ অব্যাহত রাখার জন্য অস্ত্রও বিক্রি করছে। ইয়েমেন সংকটে আমেরিকার নেতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে আনসারুল্লাহ মুখপাত্র আরো বলেছেন, ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে মধ্যস্থতা নয় বরং আমেরিকা নিজেই ইয়েমেনে আগ্রাসী শক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ইয়েমেন সংকটে আমেরিকার কর্মকাণ্ডগুলো পর্যালোচনা করলে দেখা যায়, এ অঞ্চলে আমেরিকার নেতিবাচক ভূমিকা  ও ষড়যন্ত্র আগের চেয়ে আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে তারা ইয়েমেনের ব্যাপারে জাতিসংঘের তৎপরতায় বাধা সৃষ্টি করছে।

জাতিসংঘের সাম্প্রতিক তৎপরতা ও কর্মকাণ্ড এবং ইয়েমেন সংকটের ব্যাপারে এই সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে আমেরিকা ও  সৌদি আরবের ষড়যন্ত্র ও হতাশার চিত্র ফুটে ওঠে। এ কারণে গত কয়েক সপ্তাহে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইসমাইল ওলদ শেখ আহমাদের নাম খুব একটা শোনা যায় না। ইয়েমেনের ব্যাপারে তার তৎপরতা চোখে পড়ছে না এমনকি তিনি খবর হয়েও মিডিয়ায় আসছেন না। ইয়েমেন বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির দেয়া প্রস্তাব নিয়েই তিনি ব্যস্ত আছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইয়েমেন ইস্যুতে ইসমাইল ওলদ শেখ আহমাদের ভূমিকা দুর্বল হয়ে আসা থেকে বোঝা যায়, আমেরিকা এ বিষয়ে প্রকাশ্য তৎপরতা চালাচ্ছে এবং নিজের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে। আমেরিকা শুধু যে রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট নিরসনে বাধা সৃষ্টি করছে তাই নয় একই সঙ্গে যুদ্ধের ময়দানেও সৌদি আরবকে সব রকমের অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করছে। রিয়াদের তাবেদার ইয়েমেনের পদত্যাগকারী ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর নামে সৌদি আরব ইয়েমেনে যে গণহত্যা চালাচ্ছে আমেরিকাও তার অংশীদার।

ইয়েমেনের বর্তমান পরিস্থিতির সুযোগে আমেরিকা সেদেশে সামরিক হস্তক্ষেপের পথ খুঁজছে এবং নানা সন্দেহজনক তৎপরতা চালাচ্ছে। কয়েক মাস আগে এক খবরে জানা গেছে,  আল কায়দা গোষ্ঠীকে দমনের অজুহাতে আমেরিকার বেশ কিছু সংখ্যক সেনাকে ইয়েমেনে মোতায়েন করা হয়েছে। যদিও গত বছর মার্কিন বিশেষ বাহিনী ইয়েমেন ত্যাগ করেছিল। আমেরিকা ইয়েমেনে আল কায়দা সন্ত্রাসীদের দমনের কথা বলছে, অথচ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আল কায়দা ও দায়েশ সন্ত্রাসীদের সমর্থনে গত ১৯ মাস ধরে ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া, তারা ইয়েমেনের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য সন্ত্রাসীদেরকে অর্থ ও অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে।

আমেরিকা ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য সেদেশের বর্তমান পরিস্থিতির অপব্যবহার করছে। ইয়েমেনের উপজাতি নেতা ও নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় এ পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছে। ড্রোন হামলা অব্যাহত থাকবে বলেও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। ইয়েমেনের জনগণের বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্র কেবল সার্বভৌমত্ব লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নেই একই সঙ্গে সেদেশটিকে চরম নিরাপত্তাহীনতা ও অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের দিকে ঠেলে দেয়ার চেষ্টা চলছে। আমেরিকা ও সৌদি আরব এখন ইয়েমেনের জনগণের বিপ্লব ধ্বংস করে সেদেশকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করছে। এ অবস্থায় ইয়েমেনের আনসারুল্লাহ মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছে। #           

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/২৬