সিরিয়ার বিদ্রোহীদের প্রতি কাতারের সমর্থনের নিন্দা জানাল দামেস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i26986-সিরিয়ার_বিদ্রোহীদের_প্রতি_কাতারের_সমর্থনের_নিন্দা_জানাল_দামেস্ক
সিরিয়ার বিদ্রোহীদের প্রতি কাতার নিজের সমর্থন পুনর্ব্যক্ত করে যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। সিরিয়া বলেছে, এ সমর্থনের ফলে তাকফিরি মতবাদের বিস্তারে দোহা সরকারের ভূমিকার বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০১৬ ০৫:২১ Asia/Dhaka
  • সিরিয়ার বিদ্রোহীদের প্রতি কাতারের সমর্থনের নিন্দা জানাল দামেস্ক

সিরিয়ার বিদ্রোহীদের প্রতি কাতার নিজের সমর্থন পুনর্ব্যক্ত করে যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। সিরিয়া বলেছে, এ সমর্থনের ফলে তাকফিরি মতবাদের বিস্তারে দোহা সরকারের ভূমিকার বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি শনিবার আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ট্রাম্প সরে গেলেও সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র সাহায্য দিয়ে যাবে কাতার। ট্রাম্প তার সাম্প্রতিক এক বক্তব্যে বলেছিলেন, সিরিয়ার বিদ্রোহীদের প্রতি ওয়াশিংটনের সমর্থনকে তিনি পছন্দ করেন না। তিনি আরো বলেছেন, সিরিয়ায় রাশিয়া দায়েশ বিরোধী যে অভিযান চালাচ্ছে তিনি হয়ত তার প্রতি সমর্থন জানাবেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “কাতারের এই কূটনীতিকের বক্তব্যে প্রমাণিত হয়েছে তার দেশ বিশ্বব্যাপী উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও তাকফিরি মতবাদ ছড়িয়ে দেয়ার অন্যতম উৎস।” বিবৃতিতে আরো বলা হয়, সিরিয়ার সেনা অভিযানে বিপর্যস্ত হয়ে পড়া সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা করা হচ্ছে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্যের মূল উদ্দেশ্য।

সোমবার সিরিয়ার আলেপ্পোর কৌশলগত জেলা আস-সাখুরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দেশটির সেনাবাহিনী। কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সেনাবাহিনীর এ সাফল্যের সত্যতা স্বীকার করে বলেছে, ২০১২ সালের পর আলেপ্পো শহরে এটি হচ্ছে সন্ত্রাসীদের সবচেয়ে বড় পরাজয়। আলেপ্পোয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এক-তৃতীয়াংশ ভূখণ্ড বর্তমানে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে বলেও জানিয়েছে অবজারভেটরি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯