সৌদি বিমান হামলায় পাকিস্তানের ৬ নাবিক নিহত
-
সৌদি আরবের জঙ্গিবিমান
ইয়েমেন উপকূলে একটি নৌকায় সৌদি বাহিনীর বিমান হামলায় পাকিস্তানের ছয় নাবিক মারা গেছে। ইয়েমেনের বার্তা সংস্থা সাবা এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, গতকাল (রোববার) ইয়েমেনের তায়িজ প্রদেশের মুখা উপকূলে পাক্স্তিানি নাবিকবাহী ওই নৌকার ওপর হামলা চালায় সৌদি জঙ্গিবিমান। এ সময় নৌকায় থাকা ১২ নাবিকের ছয়জন নিহত হয়। বাকি ছয় নাবিক নিখোঁজ রয়েছে। পাকিস্তানি নাবিকেরা সেখানে কেন গিয়েছিল এবং সৌদি বিমান থেকে তাদের ওপর কেন হামলা চালানো হয়েছে তা জানা যায় নি।
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব আগ্রাসন চালিয়ে আসছে। এরমধ্যেই পাকিস্তানি নাগরিকদের ওপর বিমান হামলা করল সৌদি বাহিনী।
এদিকে, বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে- গতকাল হতে তায়িজ প্রদেশে সৌদি বাহিনী বিমান হামলা জোরদার করেছে। সেখানে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত ও ভাড়াটে বাহিনীর সঙ্গে হুথি আনসারুল্লাহ এবং মিত্র যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ চলছে। মানসুর হাদি সম্প্রতি হুথি-বিরোধী হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫