ইয়েমেনের অর্ধেক মানুষের অস্তিত্ব হুমকির মুখে, মৃত্যুর মিছিলে শিশুরা: জাতিসংঘ
-
ইয়েমেনের একটি শিশু
ইয়েমেন মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে গেলেও বিশ্ববাসীর সেদিকে নজর নেই বলে জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেন থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক জেমি ম্যাকগোল্ডরিক সাংবাদিকদের বলেছেন, আন্তর্জাতিক সহায়তার অভাবে দেশটিতে এখন শিশুরা ক্ষুধায় মৃত্যুবরণ করতে শুরু করেছে।
তিনি বলেন, ইয়েমেনের সর্বত্রই অবকাঠামো ভেঙে পড়েছে এবং দেশটির অর্ধেক মানুষই টিকে থাকবার অবলম্বন হারিয়ে ফেলেছে। তাদের অস্তিত্ব হুমকির মুখে। ম্যাকগোল্ডরিক আরও বলেছেন, বিশ্ববাসীর এখন উচিত ইয়েমেনকে সাহায্য না করবার জন্য দুঃখিত হওয়া।
এদিকে, ইয়েমেনে পণ্যবাহী জাহাজ প্রবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফাম। সংস্থাটি বলেছে, ইয়েমেন ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে খাদ্য সাহায্য সরবরাহের সুযোগ খুব সীমিত বলে অক্সফাম জানিয়েছে। একইসঙ্গে তারা ইয়েমেনের জন্য খাদ্য সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সমাজের কাছে আবেদন জানিয়েছে।
২০১৫ সালের মার্চ থেকে দারিদ্রপীড়িত মুসলিম দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে আরেক মুসলিম দেশ সৌদি আরব। সৌদি হামলায় এ পর্যন্ত ১০ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছে। ইয়েমেনে রাজনৈতিক অস্থিরতার এক পর্যায়ে দেশটির ওপর জঙ্গি বিমান নিয়ে ঝাপিয়ে পড়ে সৌদি আরব।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭