যুদ্ধ অবসানের বিশাল পদক্ষেপ হবে আলেপ্পো বিজয়: সাক্ষাৎকারে বাশার আসাদ
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আলোপ্পোয় সরকারি বাহিনীর বিজয় তার দেশের চলমান যুদ্ধ অবসানের ক্ষেত্রে বিশাল পদক্ষেপ বলে গণ্য হবে। পাশাপাশি আলেপ্পোয় সরকারি সেনাদের বিজয় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থকদের জন্য বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠবে।
দৈনিক আল-ওয়াতান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ কথা বলেছেন। লেবাননের আল-মায়েদিন টেলিভিশন চ্যানেল খবরটি দিয়েছে। তার এ সাক্ষাৎকার বৃহস্পতিবার ছাপা হবে।
প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, “এটা ঠিক যে, আলেপ্পো আমাদের জন্য একটি বিজয় বয়ে আনবে তবে বাস্তববাদী হতে হবে; এর মানে এই নয় যে, এর মাধ্যমে সিরিয়া যুদ্ধের অবসান হবে। কিন্তু এ বিজয় চলমান যুদ্ধকে অবসানের দিকে নিয়ে যাবে।”
আলেপ্পোয় যুদ্ধবিরতির সম্ভাবনা আছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, অবশ্যই এ ধরনের সম্ভাবনার কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, মার্কিনিরা এ মুহূর্তে যুদ্ধবিরতির দাবি করছেন কারণ তাদের সন্ত্রাসী এজেন্টরা কঠিন পরিস্থিতির মুখে। বাশার আসাদ বলেন, যদি আলেপ্পো মুক্ত হয়ে যায় তাহলে মার্কিনিদের হাতে আর কোনো ‘তুরুপের তাস’ থাকবে না।
দামেস্ক ও হোমসে পরাজয়ের পর সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের জন্য আলেপ্পো ছিল শেষ আশা। সে কারণে আলেপ্পোয় সন্ত্রাসীদের পরাজয় সম্পূর্ণভাবে যুদ্ধের গতি-প্রকৃতি পাল্টে দেবে। তিনি বলেন, পুরো সিরিয়া মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং আলেপ্পোর মুক্তি হবে তারই অংশ। এ সাক্ষাৎকারে বাশার আসাদ পরিষ্কার করে বলেছেন, তুরস্ক সরকার আলেপ্পোয় সন্ত্রাসীদের শক্ত অবস্থান ধরে রাখার জন্য জোরদার প্রচেষ্টা চালিয়েছে তবে তা ব্যর্থ হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭