মুসলিম বিভাজনে ইসরাইল লাভবান হবে: সাদ হারিরি
-
সাদ হারির সঙ্গে বৈঠকে আলাউদ্দিন বোরুজেরদি (বামে)
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, মুসলিম জাতিগুলোর মধ্যে বিভেদ-বিভাজনের ফলে ইহুদিবাদী ইসরাইলই কেবল লাভবান হবে। এ অবস্থায় মুসলিম বিশ্বের উচিত- তাদের মধ্যকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া।
লেবানন সফররত ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদির সঙ্গে শনিবার এক বৈঠকে এসব কথা বলেছেন সাদ হারিরি। তিনি আরো বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা বিস্তারের মাধ্যমে একটা বিরাট অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা সম্ভব। এর মাধ্যমে মুসলিম বিশ্বের মর্যাদাও বাড়ানো সম্ভব হবে।
তেহরান ও বৈরুতের মধ্যে সবক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়েও সাদ হারিরি তার দৃঢ় মনোভাবের কথা জানান। তিনি বলেন, দু দেশের মধ্যকার সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে যেসব বাধা রয়েছে তা দূর করতে হবে। এদিকে, লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককে গঠনমূলক ও ইতিবাচক বলে মন্তব্য করেছেন আলাউদ্দিন বোরুজেরদি। তিনি জোর দিয়ে বলেছেন, সিরিয়ার সংকট সমাধানের বিষয়ে ইরান ও লেবাননের অভিন্ন অবস্থান রয়েছে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে তাকফিরি সন্ত্রাসীরা যে হিংস্র ও ঘৃণ্য তৎপরতা চালাচ্ছে তার সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮