ইয়েমেন যুদ্ধের দু পক্ষকে আলোচনায় ফিরতে বললেন জাতিসংঘ মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i32899-ইয়েমেন_যুদ্ধের_দু_পক্ষকে_আলোচনায়_ফিরতে_বললেন_জাতিসংঘ_মহাসচিব
ইয়েমেন যুদ্ধে জড়িত দু পক্ষকে শান্তি আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সৌদি আরব ও তার মিত্রদের অব্যাহত হামলার মুখে শান্তি আলোচনা বন্ধ রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ১৪:০৪ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে গুতেরেস ও জোবায়ের
    সংবাদ সম্মেলনে গুতেরেস ও জোবায়ের

ইয়েমেন যুদ্ধে জড়িত দু পক্ষকে শান্তি আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সৌদি আরব ও তার মিত্রদের অব্যাহত হামলার মুখে শান্তি আলোচনা বন্ধ রয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জোবায়েরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, “আমরা যা করতে পারি তা হচ্ছে- ইয়েমেন সংকট সমাধানের জন্য আবার আলোচনা শুরু করতে পারি।” পাশাপাশি তিনি ইয়েমেনের দুর্দশাগ্রস্ত জনগণের জন্য ত্রাণ বিতরণে বাধা না দিতে যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ত্রাণ সহায়তা তাদের জন্য পাঠানো হচ্ছে যাদের সত্যিই আর কোনো উপায় নেই। যারা ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে তাদের প্রতি নিন্দা জানান গুতেরেস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইসমাইল ওলুদ শেখ আহমেদ। গত পহেলা জানুয়ারি জাতিসংঘ মহাসচিব হিসেবে শপথ নেয়ার পর গুতেরেস এই প্রথম মধ্যপ্রাচ্য সফর করছেন। এ সফরে তিনি সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, ও মিশরে যাবেন।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও কয়েকটি আরব দেশ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে। দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলন নির্মূল ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য তারা এ আগ্রাসন চালাচ্ছে। এতে সমর্থন দিচ্ছে আমেরিকা, ব্রিটেনসহ পশ্চিমা বহু দেশ। তবে এ পর্যন্ত সৌদি জোট তাদের লক্ষ্য অর্জন করতে পারে নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/ ১৩