আস্তানায় আবার আলোচনা শুরু করেছে সিরিয়ার সরকার ও বিরোধীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i33094-আস্তানায়_আবার_আলোচনা_শুরু_করেছে_সিরিয়ার_সরকার_ও_বিরোধীরা
কাজাখস্তানের রাজধানী আস্তানায় আবার আলোচনা শুরু করেছেন সিরিয়ার সরকার ও বিরোধী গোষ্ঠীর প্রতিনিধিরা। ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ২২:১৯ Asia/Dhaka
  • আস্তানা বৈঠকে অংশ নেয়া সিরিয়ার সরকারি প্রতিনিধিদল
    আস্তানা বৈঠকে অংশ নেয়া সিরিয়ার সরকারি প্রতিনিধিদল

কাজাখস্তানের রাজধানী আস্তানায় আবার আলোচনা শুরু করেছেন সিরিয়ার সরকার ও বিরোধী গোষ্ঠীর প্রতিনিধিরা। ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠককে জাতিসংঘের মধ্যস্থতায় অনুষ্ঠেয় জেনেভা বৈঠকের ওয়ার্ম-আপ হিসেবে দেখা হচ্ছে। আগামী ২৩ ফেব্রুয়ারি জেনেভা বৈঠক অনুষ্ঠিত হবে। আস্তানায় চলমান বৈঠকে দুপক্ষের মুখোমুখি বৈঠকের সম্ভাবনা কম তবে সবার অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।

সিরিয়া সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত বাশার আল-জাফারি। অন্যদিকে, বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র বুধবার জানিয়েছেন, তাদের পক্ষে নেতৃত্ব দেবেন সৌদি সমর্থিত জয়শুল ইসলাম বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম নেতা মুহাম্মাদ আলুশ।

আস্তানা আলোচনায় প্রধানত জোর দেয়া হবে সিরিয়ায় চলমান যুদ্ধবিরতির ওপর। গত ৩০ ডিসেম্বর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত জাবহাত ফাতেহ আশ-শামকে এ যুদ্ধবিরতির আওতায় আনা হয় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬