ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে আমিরাতের সেনা কমান্ডার নিহত
-
মেজর জেনারেল আহাদ সাইফ আল-ইয়াফেয়ি (বামে) ও আমিরাতের সেনা কর্মকর্তা নাসের মোশাবিব আল-আতিবি
ইয়েমেনের সেনাবাহিনী ও বিপ্লবী আনসারুল্লাহ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি সমর্থিত পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বহু সেনা নিহত হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একজন সেনা কমান্ডার রয়েছেন।
ইয়েমেনের বিপ্লবী যোদ্ধাদের ব্যুরো অব অপারেশন কমান্ড থেকে আজ (বুধবার) এ ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণায় বলা হয়- বাবুল মান্দাব প্রণালীর কাছে একটি জমায়েতে ইয়েমেনের সেনারা মধ্যম পাল্লার একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে আরব আমিরাতের সেনা কর্মকর্তা নাসের মোশাবিব আল-আতিবি মারা যান। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন এ খবর দিয়েছে। আতিবি ছিলেন ইয়েমেনে মোতায়েন আমিরাতের সেনাদের কমান্ডার।
খবরে বলা হয়েছে- ইয়েমেনি সেনাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদিপন্থি শীর্ষ পর্যায়ের আরো কয়েকজন কমান্ডার নিহত হন। পরে ইয়েমেনের আরবি ভাষার একটি বার্তা সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় আরো মারা গেছেন মেজর জেনারেল আহাদ সাইফ আল-ইয়াফেয়ি। তিনি ছিলেন সৌদি সমর্থিত গেরিলা বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২