বাস্তুহারা ইয়েমেনিদেরকে ত্রাণ সহায়তা দিন: আন্তর্জাতিক সমাজকে রেড ক্রিসেন্ট
-
মানবিক বিপর্যয়ের শিকার এক ইয়েমেনি শিশু
ইয়েমেনের বিরুদ্ধে গত দুই বছরের বর্বরোচিত সৌদি আগ্রাসনের ফলে দেশটিতে বাস্তুহারা হয়ে পড়া লোকজনকে আরো মানবিক সহায়তা দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইয়েমেনের রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংস্থাটির প্রধান হোসেইন সালেহ ইরানের সংবাদ মাধ্যম 'প্রেসটিভি'কে গতকাল (শুক্রবার) জানিয়েছেন, বাস্তুহারা ২০,০০০ পরিবারের জন্য জরুরী ত্রাণ এবং খাদ্য সরবরাহ করার লক্ষ্যে অনুদান আবশ্যিক হয়ে পড়েছে।
তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অন্যায় স্থল, জল এবং বিমান নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা জোরদার হওয়ায় এসব বাস্তুহারা মানুষ তাদের জীবিকার প্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। তিনি আরো বলেন, আমরা এ পর্যন্ত ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিতে সক্ষম হয়েছি। তবে লোক সংখ্যার তুলনায় ত্রাণ অপ্রতুল বলেও মন্তব্য করেন তিনি।
আগামীকাল ২৬ মার্চ ইয়েমেনিরা যখন তাদের দেশের বিরুদ্ধে সৌদির বর্বরোচিত আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী পালন করতে যাচ্ছে তখন আন্তর্জাতিক ত্রাণসংস্থা রেড ক্রিসেন্ট এ মন্তব্য করল। ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে এ পর্যন্ত নারী ও শিশুসহ ১২ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৫