ইয়েমেনে শিশু হত্যার সৌদি তাণ্ডব সম্পর্কে ইউনিসেফ: নিহত ১৫৪৬, পঙ্গু ২৪৫০
-
ইয়েমেনের লাখ লাখ শিশু ক্ষুধা ও অপুষ্টির শিকার হয়েছে নির্বিচার সৌদি অবরোধ আর হামলার কারণে
জাতিসংঘের শিশু ত্রাণ তহবিল বা ইউনিসেফ জানিয়েছে, ইয়েমেনে সৌদি হামলায় গত প্রায় দুই বছরে অন্তত ১৫৪৬ ইয়েমেনি শিশু নিহত ও দেশটির আরও ২৪৫০ শিশু পঙ্গু হয়েছে।
সম্প্রতি ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ইয়েমেনি শিশুদের মধ্যে ১ হাজার ২২ জন ছেলে ও ৪৭৮ জন মেয়ে এবং লাশ খুব বেশি বিকৃত হয়ে পড়ায় ৪৬ শিশু ছেলে না মেয়ে তা বোঝা যায়নি।
এদিকে রুশ বার্তা সংস্থা স্পুতনিকও আজ সোমবার জানিয়েছে, জাতিসংঘের উপমহাসচিব স্টিফেন ও ব্রাইন বলেছেন, সৌদি হামলায় গত দুই বছরে ইয়েমেনে এক হাজার ৪০০'রও বেশি শিশু নিহত হয়েছে। দেশটির জনসংখ্যার দুই ততীয়াংশ তথা এক কোটি ৯০ লাখ নাগরিক এখন খাদ্য সাহায্যের মুখাপেক্ষী হয়ে পড়েছে বলেও তিনি জানান।
ইয়েমেনে নির্বিচার সৌদি হামলায় বহু শিশু নিহত হওয়ায় কিছুকাল আগে জাতিসংঘ সৌদি সরকারকে শিশু-ঘাতক সরকারগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু সৌদি সরকার জাতিসংঘে অর্থ অনুদান বন্ধ করে দেয়ার হুমকি দেয়ায় জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুন ওই কালো তালিকা থেকে সৌদি সরকারের নাম বাদ দিতে বাধ্য হন বলে নিজেই এক বিবৃতিতে স্বীকার করেন।
ইয়েমেনের লাখ লাখ শিশু ক্ষুধা ও অপুষ্টির শিকার হয়েছে নির্বিচার সৌদি অবরোধ আর হামলার কারণে। সেখানে প্রতি মিনিটে বহু শিশু ক্ষুধা ও অপুষ্টির শিকার হয়ে মারা যাচ্ছে বলে বিভিন্ন সংস্থা খবর দিয়েছে।
সৌদি সরকার ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে নির্বিচার হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের পদত্যাগী প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর জন্য এবং মার্কিন ও ইসরাইল-বিরোধী জনপ্রিয় বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহকে দুর্বল করার লক্ষ্যে এইসব হামলা চালিয়ে যাচ্ছে সৌদি বাহিনী।
সৌদি আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত কয়েক হাজার শিশু ও নারীসহ প্রায় ১২ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং দেশটির হাসপাতাল, মসজিদ ও স্কুলসহ বেসামরিক অবকাঠামোর বেশিরভাগই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ঘরবাড়ী হারিয়ে লাখ লাখ ইয়েমেনি হয়েছেন শরণার্থী। দেশটিতে বর্তমানে দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। সেখানে খাদ্য ও ওষুধের অভাবে ব্যাপক মানবীয় বিপর্যয় এবং প্রাণহানির আশঙ্কা করছে নানা ত্রাণ সংস্থা ও মানবাধিকার সংগঠন।
ইয়েমেনের নানা সংস্থার সূত্রমতে নির্বিচার সৌদি হামলায় গত দুই বছরে ১৪ হাজার ইয়েমেনি প্রাণ হারিয়েছে। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/২৭