কারাগারে চুল্লি নির্মাণের দাবিকে ‘ভিত্তিহীন’ বলে নাকচ করল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i38064-কারাগারে_চুল্লি_নির্মাণের_দাবিকে_ভিত্তিহীন’_বলে_নাকচ_করল_সিরিয়া
সিরিয়া সরকার বন্দিদের হত্যা করে লাশ ধ্বংস করার জন্য কারাগারের মধ্যেই চুল্লি নির্মাণ করেছে বলে যে দাবি ওয়াশিংটন করেছিল তাকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়া সরকার বলেছে, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য মার্কিন সরকার 'হলিউড স্টাইলে' একটি কল্পকাহিনী তৈরি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৭ ০০:৫৪ Asia/Dhaka
  • কারাগারে চুল্লি নির্মাণের দাবিকে ‘ভিত্তিহীন’ বলে নাকচ করল সিরিয়া

সিরিয়া সরকার বন্দিদের হত্যা করে লাশ ধ্বংস করার জন্য কারাগারের মধ্যেই চুল্লি নির্মাণ করেছে বলে যে দাবি ওয়াশিংটন করেছিল তাকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়া সরকার বলেছে, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য মার্কিন সরকার 'হলিউড স্টাইলে' একটি কল্পকাহিনী তৈরি করেছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমেরিকার বিভিন্ন সরকার যুগে যুগে নিজের আগ্রাসী ও হস্তক্ষেপকামী নীতিকে ব্যাখ্যা করার লক্ষ্যে অন্যান্য দেশের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরো করেছে। তারই ধারাবাহিকতায় মার্কিন সরকার গতকাল একটি ‘হলিউডি নাটক’ প্রচার করেছে যার সঙ্গে বাস্তবতার কোন মিল নেই; যে নাটকে দাবি করা হয়েছে, 'সাইদনায়া' কারাগারে লাশ পোড়ানোর চুল্লি নির্মাণ করেছে সিরিয়া সরকার।”

বিবৃতিতে বলা হয়েছে, এই গল্প মার্কিন সরকারের নিজস্ব চিন্তাচেতনা ও কল্পনাশক্তির ফসল। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এর আগে বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়া সরকার ‘ব্যারেল বোমা’ ও ‘রাসায়নিক অস্ত্র’ ব্যবহার করেছে বলে যে মিথ্যা অভিযোগ আরোপ করেছিল সর্বশেষ অভিযোগও তারই ধারাবাহিকতা মাত্র। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দেশটির গোয়েন্দা সূত্র ও ‘কোনো কোনো নির্ভরযোগ্য ত্রাণ সংস্থা’র বরাত দিয়ে দাবি করেছিল, সিরিয়া সরকার দেশটির রাজধানী দামেস্ক থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সামরিক কারাগার সাইদনায়ায় নিহত বন্দিদের লাশ পোড়ানোর জন্য একটি চুল্লি নির্মাণ করেছে। কারাগারের মধ্যে ব্যাপকভাবে বন্দিদের হত্যা করার বিষয়টি গোপন রাখতে সিরিয়া এই ব্যবস্থা নিয়েছে বলে দাবি করে ওয়াশিংটন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭