মানামা বৈঠক থেকে ৪ আরব দেশের দুরভিসন্ধির প্রমাণ পাওয়া যায়: কাতার
-
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে সানি
বাহরাইনের রাজধানী মানামায় সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশ সম্প্রতি কাতার-বিরোধী যে বৈঠক করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে দোহা।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে সানি রাজধানী দোহায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যানজেলিনো আলফানোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওই নিন্দা জানান।
তিনি বলেন, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছে তা থেকে ওই চার দেশের দুরভিসন্ধির বিষয়টি স্পষ্ট হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চার আরব দেশ মানামা বৈঠক থেকে যে বিবৃতি প্রকাশ করেছে তা থেকে বোঝা যায়, চলমান সংকট নিরসনের কোনো ইচ্ছে তাদের নেই।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা গত রোববার মানামায় কাতারের বিরুদ্ধে গৃহিত ব্যবস্থা পর্যালোচনার জন্য এক জরুরি বৈঠক করেন। বৈঠক থেকে দোহার বিরুদ্ধে কঠোর মনোভাব বজায় রেখে বলা হয়, তাদের দেয়া ১৩ শর্ত মেনে না নেয়া পর্যন্ত কাতারের সঙ্গে তারা কোনো আলোচনায় বসবেন না।
ওই চার দেশ গত জুন মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। পরে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য দোহাকে ১৩ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। কাতার বলেছে, এসব দাবি মেনে নিলে সেদেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে বলে তা মেনে নেয়া দোহার পক্ষে সম্ভব নয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩