ইরান-কাতার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় ক্ষিপ্ত আমিরাত
-
আমিরাতের উপ পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও কাতারের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ায় ক্ষিপ্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত বুধবার কাতার নতুন করে ইরানে রাষ্ট্রদূত পাঠানোর কথা জানানোর একদিন পর সংযুক্ত আরব আমিরাত এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
আমিরাতের উপ পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ বলেন, “কাতারের সার্বভৌম সিদ্ধান্তে লজ্জিত কিংবা দ্বিধাগ্রস্ত হওয়ার কিছু নেই কিন্তু দেশটির আচরণ ঔদ্ধত্যপূর্ণ। বিষয়টি গ্রহণযোগ্য নয়।” কাতারের এ সিদ্ধান্ত পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র ভেতরে তৈরি হওয়া বিভাজন দূর করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও তিনি মন্তব্য করেন। আমিরাতের উপ পররষ্ট্রমন্ত্রী বলেন, কাতারের এ সিদ্ধান্তে সংকট আরো জটিল আকার ধারণ করবে।
২০১৬ সালে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের ফাঁসির প্রতিবাদ ও তেহরানে সৌদি দূতাবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ইরানের সঙ্গে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সে সময় কাতার ইরান থেকে রষ্ট্রদূত প্রত্যাহার করলেও সম্পর্ক ছিন্ন করে নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬