জার্মান নাগরিক আটকের পক্ষেই যুক্তি দেখালেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
-
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
জার্মানির দুই নাগরিককে আটকের প্রতি সমর্থন দিয়ে বার্লিনের প্রতিক্রিয়া নাকচ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। তিনি বলেছেন, “যখন আমরা এসব নাগরিককে আটক করেছি তখন জার্মান সরকার হতাশা প্রকাশ করেছে। কিন্তু আমরা কী করতে পারি?”
গত বছর তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার আনাতোলিয়া বিমানবন্দর থেকে তুর্কি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে আটক করে তুরস্কের নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় শুক্রবার হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। এ নিয়ে তুরস্কে মোট ১২ জন জার্মান নাগরিককে আটক করা হলো।
মারকেল বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে এসব নাগরিককে আটক করা হয়েছে। এর বিপরীতে চাভুসওগ্লু বলেছেন, এসব ব্যক্তি তুরস্কেরও নাগরিক কিন্তু জার্মানি বলছে- কেন তাদের নাগরিককে গ্রেফতার করা হচ্ছে? চাভুসওগ্লু বলেন, ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে যদি এসব ব্যক্তির সম্পর্ক থাকে এবং তারা যদি তা সমর্থন করে থাকে তাহলে জার্মানি কেন তাদেরকে রক্ষা করতে চায়?
সাম্প্রতিক মাসগুলোতে তুরস্ক ও জার্মানির সম্পর্কে মারাত্মক টনাপড়েন দেখা দিয়েছে। তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটিতে জার্মান সেনাদের সঙ্গে কয়েকজন এমপি-কে দেখা করার অনুমতি না দেয়ায় তুর্কি সরকারের সঙ্গে বার্লিনের প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দেয়। এছাড়া, ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে তুর্কি নাগরিকদের ওপর দেশটির সরকার যে ধরপাকড় ও নির্যাতন চালাচ্ছে তার প্রতিবাদ করে আসছে ইউরোপের সরকারগুলো। জার্মানি এ ক্ষেত্রে অনেকটা অগ্রণী ভূমিকায় রয়েছে। এ পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরোদোগান জার্মানিতে বসবাসরত তুর্কি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন আসন্ন নির্বাচনে মারকেলের দলকে ভোট না দেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩