কুর্দি গণভোটের ফলাফল প্রকাশ: বাতিল করতে বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i46645-কুর্দি_গণভোটের_ফলাফল_প্রকাশ_বাতিল_করতে_বলেছেন_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য অনুষ্ঠিত গণভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনার হেন্দ্রিন মোহাম্মাদ দাবি করেছেন, বিচ্ছিন্নতার পক্ষে শতকরা ৯২ ভাগ ভোট পড়েছে। তিনি আরো দাবি করেছেন, মোট ভোটারের শতকরা ৭২ ভাগ ভোট দিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ২২:২৮ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য অনুষ্ঠিত গণভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনার হেন্দ্রিন মোহাম্মাদ দাবি করেছেন, বিচ্ছিন্নতার পক্ষে শতকরা ৯২ ভাগ ভোট পড়েছে। তিনি আরো দাবি করেছেন, মোট ভোটারের শতকরা ৭২ ভাগ ভোট দিয়েছে।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানি বলেছেন, এখনই তারা কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করতে চান না বরং এই নির্বাচনের ফলাফল হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার ভিত্তি।   

গণভোটের প্রাথমিক ফলাফল প্রকাশের উল্লাসে ফেটে পড়া কিছু মানুষকে ইসরাইলি পতাকা উত্তোলন করতে দেখা গেছে

এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি আজ (বুধবার) গণভোটের ফলাফল বাতিল করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এই নির্বাচন যেহেতু সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং অবৈধ সেহেতু গণভোটের ফলাফল কোনো আলোচনার ভিত্তি হতে পারে না। তিনি পরিষ্কার করে বলেছেন, পুরো কুর্দিস্তান অঞ্চলে সংবিধানের অধীনে কেন্দ্রীয় আইন চালু করা হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭