কিরকুক থেকে সরে যেতে পিশমার্গাকে আল্টিমেটাম
https://parstoday.ir/bn/news/west_asia-i47475-কিরকুক_থেকে_সরে_যেতে_পিশমার্গাকে_আল্টিমেটাম
ইরাকের তেল সমৃদ্ধ উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশ থেকে সরে যেতে কুর্দি পিশমার্গা বাহিনীকে আল্টিমেটাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন একজন শীর্ষস্থানীয় কুর্দি কর্মকর্তা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০১৭ ১৪:৩৩ Asia/Dhaka
  • কিরকুক থেকে সরে যেতে পিশমার্গাকে আল্টিমেটাম

ইরাকের তেল সমৃদ্ধ উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশ থেকে সরে যেতে কুর্দি পিশমার্গা বাহিনীকে আল্টিমেটাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন একজন শীর্ষস্থানীয় কুর্দি কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপি'কে আজ (শনিবার) জানিয়েছেন, ২০১৪ সালের ৬ জুনের অবস্থানে ফিরে যাওয়ার সময়সীমা আজ রাতে শেষ হবে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে আজ রাত ১১টা ( জিএমটি ২৩০০ ঘটিকায়) ওই সময়সীমা শেষ হবে।

এদিকে, কিরকুক থেকে একজন কুর্দি পিশমার্গা কমান্ডার আলাদাভাবে জানিয়েছেন, কুর্দি বাহিনীর জন্য এ ধরনের কোনো সতর্ক বাণী উচ্চারণ করা হয় নি। ২০১৪ সালে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ ইরাকের বিভিন্ন এলাকায় নৃশংস হত্যাকাণ্ড শুরু করার পর পিশমার্গা বাহিনী কিরকুকে অবস্থান নেয়।   

এদিকে, ইরাকি সেনাবাহিনী গতকাল (শুক্রবার) কিরকুক প্রদেশের তাজা খুরমাতো শহরসহ এর দক্ষিণ অংশের আরো কিছু নতুন এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। কুর্দি পিশমার্গা বাহিনী এসব এলাকা নিয়ন্ত্রণ করে আসছিল।

ইরাকি বাহিনীর এসব সাফল্যের খবর এমন সময় এলো যখন দেশটির প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম সোলাইমানিয়া শহরে কুর্দি নেতাদের সঙ্গে জরুরী বৈঠকে মিলিত হয়েছেন। তবে বৈঠক থেকে এখনো কোনো বিবৃতি আসে নি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪