তেল প্রবাহে বাধা দেবেন না: কুর্দি সরকারকে ইরাক
-
কিরকুকের একটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিচ্ছে ইরাকি সেনারা
ইরাকের কিরকুক প্রদেশের তেলক্ষেত্রগুলোর তেল উত্তোলনে বাধা সৃষ্টি করে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার জন্য কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে ইরাকের কেন্দ্রীয় সরকার। উত্তর ইরাকের গুরুত্বপূর্ণ কয়েকটি তেলক্ষেত্র থেকে কুর্দি সরকার দৈনিক সাড়ে তিন লাখ ব্যারেল তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে বলে খবর বের হওয়ার পর এই হুঁশিয়ারি দিল বাগদাদ।
গতকাল (সোমবার) খবর বের হয়েছে যে, নিরাপত্তার দোহাই দিয়ে কিরকুকের বাই হাসান ও আভানা তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন বন্ধ করা হয়েছে। ইরাকের কেন্দ্রীয় সরকার ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে তখন কিরকুকের এসব তেলক্ষেত্রে তেলের উত্তোলন বন্ধ করার খবর বের হলো। এর পরপরই ইরাকের কেন্দ্রীয় সরকার তেলের প্রবাহে বাধা না দেয়ার জন্য কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে। বাগদাদের হুঁশিয়ারির পর কুর্দিস্তান সরকারের খনিজসম্পদ মন্ত্রী আশতি হাউরামি তেল উৎপাদন শুরুর নির্দেশ দিয়েছেন।
এদিকে, ইরাকের উত্তর তেল কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, তারা কুর্দিদের পক্ষ থেকে কিরকুকের তেলক্ষেত্রেগুলোতে উৎপাদন বন্ধ করে দেয়ার ইঙ্গিত পাচ্ছেন। ইরাকের কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য এ ধরনের পদেক্ষপ নেয়া হবে বলে ওই মুখপাত্র উল্লেখ করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭