বারজানিকে পদত্যাগের আহ্বান জানালেন কুর্দিস্তানের প্রধান বিরোধী দল
-
কিরকুকের রাস্তায় ইরাকের জাতীয় পতাকা নিয়ে উৎসব করছে ইরাকি শিশুরা। ছবিটি চলতি মাসের ১৮ তারিখে তোলা।
ইরাকের স্বশাসিত কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানিকে পদত্যাগের আহ্বান জানিয়েছে কুর্দিস্তানের প্রধান বিরোধী দল। গোররান বা চেঞ্জ মুভমেন্ট পার্টি এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।
পাশাপাশি, কুর্দিস্তানে বিরাজমান পরিস্থিতি মোকাবেলায় জাতীয় জরুরি সরকার গঠনেরও আহ্বান জানানো হয়েছে। ২০০৯ সালে গঠিত ওমর সাঈদ আলীর নেতৃত্বাধীন দলটি কুর্দিস্তানের ক্ষমতাসীন জোটের বিরোধিতা করছে। কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি এবং প্যাট্রিয়ট ইউনিয়ন অব কুর্দিস্তানকে নিয়ে গঠিত হয়েছে ক্ষমতাসীন জোট। কুর্দিস্তানে যে সব রাজনৈতিক দল গত মাসের বিতর্কিত কথিত গণভোটের বিরোধিতা করছে তাদের অন্যতম হলো গোররান।
ইরাকের কেন্দ্রীয় সরকারের প্রতি খোলাখুলি অবজ্ঞা দেখিয়ে গত মাসের ২৫ তারিখে কুর্দিস্তানে কথিত গণভোট অনুষ্ঠিত হয়। একে কেন্দ্র করে যখন প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন এ বক্তব্য দিল কুর্দিস্তানের প্রধান বিরোধী দল।#
পার্সটুডে/মূসা রেজা/২৩