গাজায় আবার ইসরাইলি বিমান-ট্যাংক হামলা শহীদ ২: বড় সংঘর্ষের আশংকা
https://parstoday.ir/bn/news/west_asia-i49567-গাজায়_আবার_ইসরাইলি_বিমান_ট্যাংক_হামলা_শহীদ_২_বড়_সংঘর্ষের_আশংকা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গতরাতে আবার ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী নতুন করে বিমান ও ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত দুজন শহীদ ও ২৫ জন আহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৭ ০০:০০ Asia/Dhaka

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গতরাতে আবার ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী নতুন করে বিমান ও ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত দুজন শহীদ ও ২৫ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহর নিয়ে যখন গোটা মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা চলছে তখন এই হামলার ঘটনা ঘটলো। ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকার বেইত হানুন শহরের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি নিরাপত্তা চৌকিতে কামানোর গোলা বর্ষণ করে। এ শহরের পূর্বাঞ্চলে কয়েকজন হামাস যোদ্ধার ওপরও বিমান হামলা চালায় ইসরাইল।

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলা

এছাড়া, গাজার বেইত লাহিয়া শহরে বিমান থেকে বোমা বর্ষণ করে ইসরাইল। গাজা উপত্যকার উত্তরে শেখ জায়েদ এলাকায় ইসরাইলি বিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গাজার স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ছয় শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।

ইসরাইল দাবি করেছে, গাজা থেকে রকেট ছোঁড়ার পর এসব হামলা চালানো হয়। ইসরাইলের বিমান ও ট্যাংক হামলার কারণে আশংকা করা হচ্ছে-যেকোনো সময় হামাস ও ইসরাইলের মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। এ নিয়ে চলতি সপ্তাহে গাজা উত্যকায় অন্তত তিন দফা বিমান ও ট্যাংক হামলা চালালো ইসরাইল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯