আমেরিকার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দা সহযোগিতা
সংযুক্ত আরব আমিরাত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সহযোগিতায় পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি গোয়েন্দা সাম্রাজ্য গড়ে তুলে চায় বলে মার্কিন ম্যাগাজিন ‘ফরেন পলিসি’ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন বিশেষজ্ঞরা আবু ধাবির ‘জায়েদ’ বন্দরে সংযুক্ত আরব আমিরাতের সেনাদেরকে গুপ্তচরবৃত্তির অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, সংযুক্ত আরব আমিরাত অনেক আগে থেকে তার গোয়েন্দা বিভাগে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে। আরব আমিরাতের কর্মকর্তারা দেশটিতে বহুদিন ধরে পশ্চিমা দেশগুলোর আদলে গোয়েন্দা অবকাঠামো গড়ে তোলার চেষ্টা চালিয়ে আসছেন।
ওদিকে মধ্যপ্রাচ্যে সামরিক দিক দিয়ে একের পর এক ব্যর্থ হওয়ার কারণে এই অঞ্চলে নিজের গোয়েন্দা নেটওয়ার্ক প্রসারিত করার ইচ্ছা আমেরিকাও পোষণ করে আসছিল দীর্ঘদিন ধরে। আরব দেশগুলোর সামরিক ও নিরাপত্তা বাহিনীতে প্রভাব বিস্তারের মাধ্যমে আমেরিকা সে লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমেরিকার সামরিক সহযোগিতা মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে সংকট তৈরি করা ছাড়া অন্য কোনো ফল বয়ে আনেনি। ইরাক, সিরিয়া ও ইয়েমেনে যে সংকট তৈরি হয়েছে তার পেছনে কাজ করছে সৌদি-মার্কিন-আমিরাতি ষড়যন্ত্র।
ইরাক ও সিরিয়ায় উগ্র জঙ্গিদের লেলিয়ে দিয়েছিল সৌদি আরব, আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনেও আমেরিকার সার্বিক পৃষ্ঠপোষকতা ও আমিরাতের সমর্থন নিয়ে গত আড়াই বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
আরব আমিরাত এখন আমেরিকার গোয়েন্দা সহযোগিতা নিয়ে ইয়েমেনের কয়েকটি দ্বীপের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। আর এই কাজে আমেরিকার মতো সাম্রাজ্যাবাদী দেশকে ভাড়া করে এনে মধ্যপ্রাচ্যে মার্কিন গোয়েন্দাদেরকে তাদের সুদূরপ্রসারী লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করে যাচ্ছে আবু ধাবি।
মার্কিন সরকার যখন মধ্যপ্রাচ্যে নিজের গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক বিস্তারের লক্ষ্যে নানা অজুহাতের সন্ধান করছে তখন সংযুক্ত আরব আমিরাত মার্কিনীদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসে তাদের সে কাজ সহজ করে দিয়েছে।
পারস্য উপসাগরীয় অঞ্চলে গুপ্তচরবৃত্তি করতে আমেরিকার যেখানে প্রচুর অর্থ খরচ করতে হতো সেখানে উল্টো মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আমিরাতের টাকায় নিজেদের পকেট ভারী করছেন। সেইসঙ্গে এই অঞ্চলে নিজের সামরিক ঘাঁটিগুলোকে আরো পাকাপোক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে ওয়াশিংটন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩