হুথি ক্ষেপণাস্ত্রে কয়েক ডজন সৌদি ভাড়াটে গেরিলা নিহত
-
কাহের ২-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের অনুগত সেনাদের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে কয়েক ডজন সৌদি ভাড়াটে গেরিলা নিহত হয়েছে। ইয়েমেনি সেনাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে সৌদি ভাড়াটে গেরিলাদের একটি ঘাঁটিতে আঘাত হানে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনি সেনাদের একটি সূত্র আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে জানিয়েছে, ইয়েমেনি সেনা ও তাদের মিত্র যোদ্ধারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি কাহের ২-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সোমবার বিকেলে আল-খাইয়ামি ঘাঁটিতে হামলা চালায়। এসব গেরিলা পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত।
সূত্রটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় ৩৫ জনের বেশি হাদিপন্থি গেরিলা নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে। তবে হাদির সঙ্গে ঘনিষ্ঠ হাসপাতাল সূত্র দাবি করেছে- ক্ষেপণাস্ত্র হামলায় মাত্র ১২ জন মারা গেছে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে হাদিপন্থিদের হাতে। সূত্র বলছে, একটি সামরিক কুচকাওয়াজের ওপর এ হামলা চালানো হয় এবং হামলার প্রধান লক্ষ্য ছিল মানসুর হাদির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া, হাদিপন্থি গেরিলাদের আরেকটি সমাবেশেইয়েমেনি সেনা ও আনসারুল্লাহ যোদ্ধারা কাতিউশা রকেট ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। তবে, এতে ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর পাওয়া যায় নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২