হামাস নেতাকে কালো তালিকাভুক্ত করায় আমেরিকার নিন্দা করল তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i52393-হামাস_নেতাকে_কালো_তালিকাভুক্ত_করায়_আমেরিকার_নিন্দা_করল_তুরস্ক
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে কথিত সন্ত্রাসবাদের অভিযোগে কালো তালিকাভুক্ত করায় মার্কিন সরকারের নিন্দা জানিয়েছে তুরস্ক। তুর্কি সরকার বলেছে, মার্কিন প্রশাসনের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ২২:৩৫ Asia/Dhaka
  • হামাস নেতা ইসমাইল হানিয়া (ডানে)
    হামাস নেতা ইসমাইল হানিয়া (ডানে)

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে কথিত সন্ত্রাসবাদের অভিযোগে কালো তালিকাভুক্ত করায় মার্কিন সরকারের নিন্দা জানিয়েছে তুরস্ক। তুর্কি সরকার বলেছে, মার্কিন প্রশাসনের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসয় শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, “মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তে আমরা উদ্বিগ্ন যা সরেজমিন বাস্তবতাকে উপেক্ষা করেছে। মার্কিন এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শান্তি ও সংহতি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে।” তুর্কি মুখপাত্র আরো বলেন, মার্কিন সরকারের এই সিদ্ধান্তের কারণে হামাসকে মানবিক সহায়তা দেয়া বন্ধ করবে না আংকারা। পশাপাশি গাজা উপত্যকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডও অব্যাহত থাকবে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন

গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে সন্ত্রাসবাদের অভিযোগে কালো তালিকাভুক্ত এবং তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, হামাসের সামরিক শাখা যারা কিনা ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালায় তাদের সঙ্গে হানিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইসমাইল হানিয়া ইসরাইলি নাগরিক হত্যায় জড়িত বলেও দাবি করেছে মার্কিন সরকার।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২