ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব ও আমিরাতের ন্যক্কারজনক ষড়যন্ত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i53099-ইয়েমেনের_বিরুদ্ধে_সৌদি_আরব_ও_আমিরাতের_ন্যক্কারজনক_ষড়যন্ত্র
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ হাবতুর বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনকে দুই অংশে ভাগ করে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, সৌদি আরব উত্তর ইয়েমেনকে এবং আমিরাত দক্ষিণ ইয়েমেনকে দখল করার পায়তারা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১৪:১১ Asia/Dhaka

ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ হাবতুর বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনকে দুই অংশে ভাগ করে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, সৌদি আরব উত্তর ইয়েমেনকে এবং আমিরাত দক্ষিণ ইয়েমেনকে দখল করার পায়তারা করছে।

ইয়েমেন বর্তমানে আগ্রাসী শক্তিগুলোর ভোগ দখলের প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে যা কিনা ইয়েমেনসহ সমগ্র ওই অঞ্চলের জন বিপদজনক পরিণতি ডেকে আনবে। ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালানোর সময় সৌদি আরব ও আমিরাত এ ব্যাপারে একমত হয়েছিল যে, ইয়েমেনে নিজ নিজ প্রভাবিত এলাকার ব্যাপারে রিয়াদ ও আবুধাবি একে অপরকে সহযোগিতা করবে। সমঝোতা অনুযায়ী সৌদি আরব সানা পর্যন্ত উত্তর ইয়েমেন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। অন্যদিকে আমিরাত চায় দক্ষিণের নিয়ন্ত্রণ নিতে যেখানে গুরুত্বপূর্ণ এডেন বন্দর রয়েছে। এইসব পরিকল্পনার অংশ হিসেবে আমিরাত ও সৌদি আরব ইয়েমেনে তাদের অনুচরদেরকে দিয়ে ইয়েমেন দখল, জনসংখ্যার কাঠামোয় পরিবর্তন আনা এবং ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে। 

সংযুক্ত আরব আমিরাতের কোনো কোনো আচরণ ও কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে, তারা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আরব দেশগুলোতে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছে যাতে তারাও সৌদি আরবের থেকে পিছিয়ে না থাকে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব ও আমিরাত ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করলেও জায়গা দখল নিয়ে তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তাদের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে।

ইয়েমেনের রাজনৈতিক বিষয়ক বিশ্লেষক খলিল আল মিকদাদ বলেছেন, "সেদেশে এখন যা ঘটছে তার দায়ভার সৌদি আরব ও আমিরাতের ওপর বর্তাবে। রিয়াদ ও আবু ধাবি সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বাস্তবতা হচ্ছে সব কিছুই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কারণ ইয়েমেনের যোদ্ধারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলায় আগ্রাসী শক্তিগুলো বেকায়দায় আছে। সৌদি আরব ও আমিরাত যুদ্ধ চাপিয়ে দিয়ে ইয়েমেনে হত্যা, রোগের বিস্তার, শরণার্থী ও ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই দিতে পারেনি।"

ইয়েমেনের নোবেল বিজয়ী ও মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কেরমানও বলেছেন, সৌদি আরব ও আমিরাত প্রতারণার আশ্রয় নিয়েছে এবং তারা ইয়েমেনের জনগণের ওপর গণহত্যা ও অবকাঠামো ধ্বংস করা ছাড়াও দেশটির প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। ইয়েমেনকে রক্ষা করাই সৌদি আরব ও আমিরাতের লক্ষ্য বলে ওই দুই দেশ যে দাবি করেছে তাকে নাকচ করে দিয়ে তিনি বলেছেন, তারা ইয়েমেনকে দুই অংশে ভাগ করতে চায় যাতে এ অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করা যায়। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৬