মার্কিন সিদ্ধান্তের কঠোর নিন্দা জানাল হামাস ও পিএলও
https://parstoday.ir/bn/news/west_asia-i53497-মার্কিন_সিদ্ধান্তের_কঠোর_নিন্দা_জানাল_হামাস_ও_পিএলও
মার্কিন সরকার আগামী মে মাসে তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে নিজের দূতাবাস স্থানান্তরের যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ০৩:১৮ Asia/Dhaka
  • হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু
    হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু

মার্কিন সরকার আগামী মে মাসে তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে নিজের দূতাবাস স্থানান্তরের যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও।

হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু গতরাতে (শুক্রবার) এক বিবৃতিতে বলেছেন, মার্কিন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গোটা অঞ্চল ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি আরো বলেন, মার্কিন দূতাবাস স্থানান্তর করা হলেও বাস্তবতার কোনো পরিবর্তন ঘটবে না অর্থাৎ বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের রাজধানী হিসেবেই থেকে যাবে; দখলদার ইসরাইলের রাজধানী হতে পারবে না।

হামাসের মুখপাত্র তেল আবিব থেকে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘটনাকে সব ধরনের আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন।

সায়েব এরিকাত

এদিকে ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলও’র নির্বাহী কমিটির সচিব সায়েব এরিকাত মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ওয়াশিংটনের এ পদক্ষেপ আরব ও মুসলিম জনগোষ্ঠীর অনুভূতিতে প্রচণ্ড আঘাত হানবে।  তিনি বলেন, বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনি জনগণের সম্পদ এবং এটি হবে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী; ইসরাইলের নয়।

মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বের কঠোর বিরোধিতা উপেক্ষা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা করেছে, আগামী মে মাসে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাস শহরে স্থানান্তর করা হবে

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এরপর তিনি ঘোষণা করেন, তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়া হবে। ট্রাম্পের এ ঘোষণার বিরুদ্ধে সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। পরে জাতিসংঘ সাধারণ পরিষদে এ নিয়ে ভোটাভুটি হয় এবং আমেরিকা তাতে ব্যাপকভাবে পরাজিত হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪