সিরিয়ার মানবিজ ত্যাগ করো নইলে সামরিক অভিযান: কুর্দিদের প্রতি তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i55020-সিরিয়ার_মানবিজ_ত্যাগ_করো_নইলে_সামরিক_অভিযান_কুর্দিদের_প্রতি_তুরস্ক
সিরিয়ার মানবিজ শহর থেকে কুর্দি বাহিনী সরে না গেলে সেখানে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৯, ২০১৮ ১৪:১৮ Asia/Dhaka
  • সিরিয়ার মানবিজ ত্যাগ করো নইলে সামরিক অভিযান: কুর্দিদের প্রতি তুরস্ক

সিরিয়ার মানবিজ শহর থেকে কুর্দি বাহিনী সরে না গেলে সেখানে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক।

গতকাল (বুধবার) তুরস্কের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এমজিকে এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা যদি মানবিজ শহর অবিলম্বে ত্যাগ না করে তাহলে অন্যান্য শহরের মতোই সেখানে সামরিক অভিযান পরিচালনা করতে তুরস্ক কোনোরকম দ্বিধা করবে না। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

কাউন্সিল আরো জানিয়েছে, ইউফ্রেটিসের পূর্ব অংশে তৎপর সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বিবৃতিতে কাউন্সিল আশা করেছে যে ইরাক সরকার দেশটির উত্তরাঞ্চলে বিশেষকরে সিনজার ও কানদিল এলাকায় পিকেকে গেরিলাদের তৎপরতা বন্ধে কার্যকরী ব্যবস্থা নেবে।  

তুরস্কের সামরিক বাহিনী গত ২৪ মার্চ জানিয়েছিল যে তারা সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলোতে তৎপর মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের সঙ্গে দুই মাসেরও বেশি সময় ধরে লড়াইয়ের পর দেশটির আফরিন শহরেও ওপর পূর্ণ নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করেছে। এখন তুরস্ক সিরিয়ার মানবিজে অভিযান চালানোর হুমকি দিল।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯