ফিলিস্তিনিদের বিশাল বিক্ষোভে আতঙ্কে ইসরাইল: শহীদ ৫, আহত ৩৭০
ফিলিস্তিনিদের ভূমি দিবসের বিক্ষোভে ইসরাইলি হামলায় অন্তত পাঁচজন শহীদ ও ৩৭০ জন আহত হয়েছে। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়নের ৭০তম বার্ষিকী ও ভূমি দিবস উপলক্ষে আজ (শুক্রবার) গাজা ও এর আশেপাশের এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন।
হাজার হাজার ফিলিস্তিনি পতাকা হাতে বিভিন্ন চত্বর ও রাস্তায় সমবেত হয়েছেন। বিক্ষোভকারীদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। অনেকেই নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়েই বিক্ষোভকারীদের সঙ্গে একাত্বতা প্রকাশ করছেন।
আজকের বিশাল বিক্ষোভ মোকাবেলায় গাজা সীমান্তে এরইমধ্যে অন্তত ১০০ স্নাইপার মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। এসব স্নাইপারকে ‘সর্বোচ্চ ক্ষমতা’ ও ‘তাজা গুলি’ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলে একটি ইসরাইলি দৈনিক খবর দিয়েছে।
দখলদার ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল গ্যাদি এইজেনকোট বলেছেন, ইসরাইলের বাছাই করা ১০০ স্নাইপারকে গাজা সীমান্তে মোতায়েন করা হয়েছে। ফিলিস্তিনি বিক্ষোভকারীরা যাতে সীমান্তের কাছাকাছি যেতে না পারে সে লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মাতৃভূমি মুক্ত করার জন্য ফিলিস্তিনিদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তত করতেই আজকের বিশাল বিক্ষোভের আয়োজন করা হয়েছে বলে ফিলিস্তিনি নেতারা জানিয়েছেন।
নির্যাতিত ফিলিস্তিনি জনগণ প্রতি বছরই ‘ভূমি দিবসে’ নিজেদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অধিকার ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। তবে এবার ৭০ বছর পূর্ণ হওয়ায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি বিক্ষোভ মিছিলে যোগ দিচ্ছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০