‘ইয়েমেনি ক্ষেপণাস্ত্র থেকে আবুধাবি মোটেই নিরাপদ নয়’
-
ছোঁড়া হচ্ছে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারাফ গালিব লুকমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এখন তার দেশের ক্ষেপণাস্ত্র থেকে মোটেই নিরাপদ নয়।
তিনি বলেছেন, আবুধাবি এখন ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা এ খবর দিয়েছে। জেনারেল লুকমান তার এ হুঁশিয়ারিকে গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য আবুধাবিতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ বন্দরে আমিরাতের সেনারা যে সংঘাত বাড়িয়ে তুলেছে তার কড়া জবাব দেবে ইয়েমেনের সেনারা। তিনি জানান, হুথি যোদ্ধারা ও সেনাবাহিনী হুদাইদাহ বন্দর এলাকার বেশিরভাগ জায়গা পুনরুদ্ধার করেছে। জেনারেল লুকমান সতর্ক করে বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সেনাদের জন্য হুদাইদাহ কবরস্থানে পরিণত হবে। এছাড়া, সা’দা প্রদেশে সৌদি সেনারা অগ্রযাত্রা অব্যাহত রেখেছে বলে যে খবর বেরিয়েছে তাকে মিথ্যা বলে অভিহিত করেন ইয়েমেনের এ সেনা মুখপাত্র।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২