জর্দানকে মারকাভা ট্যাংক উপহার দিয়েছে ইসরাইল
-
মারকাভা ট্যাংক
শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আরব রাষ্ট্র জর্দানকে ইহুদিবাদী ইসরাইল ‘স্বঘোষিত অপরাজেয়’ মারকাভা ট্যাংক উপহার দিয়েছে। জর্দানের একটি যাদুঘরে এ ট্যাংক রাখা হয়েছে।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, একটি ট্রাকে করে মারকাভা ট্যাংকটি সম্প্রতি জর্দানে নেয়া হয়। ট্যাংকটিকে জর্দানের রাজকীয় ট্যাংক যাদুঘরে প্রদর্শন করা হবে। জেরুজালেম পোস্ট এ উপহারকে ইসরাইল ও জর্দানের মধ্যে প্রতিরক্ষা এবং কূটনৈতিক সম্পর্ক বেড়ে চলার ইঙ্গিত বলে মন্তব্য করেছে।
ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গোপনীয় অস্ত্রকে জর্দানের কাছে পাঠানো সংক্রান্ত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যানকে সই করতে হয়েছে। এর অর্থ দাঁড়ায় জর্দান এখন ইসরাইলের বিশ্বস্ত বন্ধুর তালিকায় রয়েছে।
ইসরাইল দাবি করে থাকে- মারকাভা ট্যাংক হচ্ছে বিশ্বের সবচেয়ে মারাত্মক ও সুরক্ষিত ট্যাংক। তবে ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের পাঁচটি মারকাভা ট্যাংক ধ্বংস হয়েছিল। এর মধ্যদিয়ে মারাকাভা সম্পর্কে যে মিথ চালু করা হয়েছিল তা ভেঙে যায়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪