পুরো আরব আমিরাত ইয়েমেনি সেনাদের আওতায়: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i63857-পুরো_আরব_আমিরাত_ইয়েমেনি_সেনাদের_আওতায়_মুখপাত্র
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাবাহিনীর মুখপাত্র শারাফ লোকমান বলেছেন, পুরো সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনি সেনাদের আওতায় রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৮ ০৮:৩১ Asia/Dhaka
  • ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র শারাফ লোকমান
    ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র শারাফ লোকমান

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাবাহিনীর মুখপাত্র শারাফ লোকমান বলেছেন, পুরো সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনি সেনাদের আওতায় রয়েছে।

ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর পর সামরিক বাহিনীর মুখপাত্র এ কথা বললেন। তিনি দুবাইয়ে বিদেশী বিনিয়োগকারীদেরকে অর্থ বিনিয়োগ না করারও আহ্বান জানান।

জেনারেল শারাফ বলেন, “আমিরাত সরকারের নানামুখী পদক্ষেপ নেয়া সত্ত্বেও আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংযুক্ত আরব আমিরাতের যেকোনো জায়গায় হামলা করার জন্য যথেষ্ট উপযুক্ত।” তিনি বলেন, এগুলো হলো ইয়েমেনের সামরিক বাহিনী ও হুথি যোদ্ধাদের সক্ষমতার কিছু অংশ মাত্র।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

ইয়েমেনের একটি সামরিক সূত্র বলেছে, ইয়েমেনি সেনারা ও তাদের মিত্র হুথি যোদ্ধারা দেশীয় প্রযুক্তিতে তৈরি দূর পাল্লার সামাদ-৩ ড্রোন দিয়ে গতকাল (সোমবার) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে।

এর আগে, গত ২৬ জুলাই ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও মিত্র সেনারা একই ধরনের ড্রোন ব্যবহার করে আরব আমিরাতের রাজধানী আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/২৮