'নিখোঁজ সাংবাদিককে সৌদি নেয়া হয়েছে'
-
সাংবাদিক জামাল খাশোগি
তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে নিখোঁজ হওয়া সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে রিয়াদে নিয়ে যাওয়া হয়েছে। একটি আরব সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-আখবার পত্রিকা এ খবর দিয়েছে।
পত্রিকাটি বলেছে, জামাল খাশোগিকে বিমানে করে রিয়াদে উড়িয়ে নেয়ার কথা তুরস্ককে জানানো হয়েছে। জামাল খাশোগি ২০১৭ সাল থেকে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন।
সৌদি ভিন্ন মতাবলম্বী এ সাংবাদিক সম্প্রতি তুরস্ক সফরে যান। ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। এ বিষয়ে আরব সূত্রটি আল-আখবারকে বলেছে, তুর্কি নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় খাশোগিকে সৌদি কন্স্যুলেটের আলাদা একটি গেইট দিয়ে বের করে গাড়িতে তোলা হয়। এরপর তাকে দেশে পাঠানোর জন্য বিমানবন্দরে নেয়া হয়।
এদিকে, সাংবাদিক খাশোগিকে রিয়াদ অপহরণ বা আটক করেছে বলে যে জল্পনা ছড়িয়ে পড়েছে তা অস্বীকার করেছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। তিনি বলেছেন, খাশোগির সন্ধানে তুরস্কের নিরাপত্তা কর্মকর্তারা সৌদি কন্স্যুলেটে তল্লাশি চালাতে পারতেন।#
পার্সটুডে/এসআইবি/৬