সৌদি কনস্যুলেটে প্রবেশের অনুমতি না দিলে বহিষ্কার হবে সবাই: তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i65031-সৌদি_কনস্যুলেটে_প্রবেশের_অনুমতি_না_দিলে_বহিষ্কার_হবে_সবাই_তুরস্ক
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তল্লাশির অনুমতি না দিলে সৌদি কনস্যুলেটের প্রধানসহ কূটনীতিকদের বহিষ্কার করবে আঙ্কারা। তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক 'ইয়ানিসাফাক' এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০১৮ ১৪:৫৮ Asia/Dhaka
  • কনস্যুলেটে প্রবেশ করছেন খাশোগি (বামে)
    কনস্যুলেটে প্রবেশ করছেন খাশোগি (বামে)

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তল্লাশির অনুমতি না দিলে সৌদি কনস্যুলেটের প্রধানসহ কূটনীতিকদের বহিষ্কার করবে আঙ্কারা। তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক 'ইয়ানিসাফাক' এ খবর দিয়েছে।

তুর্কি কর্মকর্তারা সৌদি আরবকে বলেছেন, আজ রোববারের মধ্যে সৌদি কনস্যুলেট ভবন এবং কনসাল জেনারেলের বাসায় তুর্কি তদন্তকারীদের প্রবেশের অনুমতি দিতে হবে। অন্যথায় কনসাল জেনারেলসহ কূটনীতিকদের তুরস্ক থেকে বের করে দেওয়া হবে। 

তুর্কি তদন্তকারীরা নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগিকে খোঁজে বের করতে সব ধরণের চেষ্টা অব্যাহত রেখেছে বলে পত্রিকাটি লিখেছে।  এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু লন্ডনে বলেছেন, খাশোগি হত্যা মামলার ক্ষেত্রে সৌদি আরব তুরস্কের সঙ্গে সহযোগিতা করছে না। 

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন রাজপরিবারের সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি। কনস্যুলেটে প্রবেশের পর খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪