খাশোগি হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া সৌদি কর্মকর্তার ইসরাইল সফর
https://parstoday.ir/bn/news/west_asia-i66692-খাশোগি_হত্যার_ঘটনায়_বরখাস্ত_হওয়া_সৌদি_কর্মকর্তার_ইসরাইল_সফর
সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল আহমাদ আল-আসিরি সম্প্রতি গোপনে ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন। জেনারেল আসিরি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৪:১১ Asia/Dhaka
  • মেজর জেনারেল আহমাদ আল-আসিরি
    মেজর জেনারেল আহমাদ আল-আসিরি

সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল আহমাদ আল-আসিরি সম্প্রতি গোপনে ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন। জেনারেল আসিরি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি।

যুবরাজ বিন সালমানের পক্ষে আসিরি ইসরাইল সফর করেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ভিন্ন মতাবলম্বীদের ওপর গুপ্তচরবৃত্তির জন্য ইসরাইল থেকে সৌদি আরব কিছু যন্ত্রপাতি কিনতে চায়। এ নিয়ে আলোচনার জন্য জেনারেল আসিরি তেল আবিব সফর করেন বলে নিশ্চিত সূত্রের বরাত দিয়ে মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, সফরে জেনারেল আসিরির সঙ্গে সাউদ আল-কাহতানি ছিলেন। তিনিও জামাল খাশোগি হত্যার ঘটনায় পদ থেকে বহিষ্কার হয়েছিলেন। সৌদি আরবের একজন কর্মকর্তা বলেছেন, কাহতানি হচ্ছে এ সফরের মূল কারিগর এবং তিনি জানেন ইসারাইলের কোন যন্ত্রটি গুপ্তচরবৃত্তির জন্য ভালো। অবশ্য, ওয়াল স্ট্রিটের এ খবরের বিষয়ে আসিরি কিংবা কাহতানি কেউই কোনো মন্তব্য করেন নি।#

পার্সটুডে/এসআইবি/১৯