সৌদি বিমানবন্দরে আবারও ইয়েমেনিদের ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i71201-সৌদি_বিমানবন্দরে_আবারও_ইয়েমেনিদের_ড্রোন_হামলা
ইয়েমেনের সামরিক বাহিনী আজ (শুক্রবার) আবারও সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে। চলতি সপ্তাহে এই বিমানবন্দরে এ নিয়ে দ্বিতীয় দফা হামলা চালালো ইয়েমেন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুন ১৪, ২০১৯ ১৯:১৫ Asia/Dhaka
  • সৌদি বিমানবন্দরে আবারও ইয়েমেনিদের ড্রোন হামলা

ইয়েমেনের সামরিক বাহিনী আজ (শুক্রবার) আবারও সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে। চলতি সপ্তাহে এই বিমানবন্দরে এ নিয়ে দ্বিতীয় দফা হামলা চালালো ইয়েমেন।

ইয়েমেনি সেনাবাহিনী বলেছে, আজ ভোরে সৌদি আরবের আবহা বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় কাসিফ-২কে ড্রোন ব্যবহার করা হয় বলে তারা জানিয়েছে। ওই হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয় বলে একটি সূত্র জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে, তারা আজ পাঁচটি ড্রোন-হামলা প্রতিহত করেছে।

এর আগে গত বুধবার আবহা বিমানবন্দরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায় ইয়েমেনি বাহিনী। ওই হামলার পর ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছিলেন, সৌদি আরবের আবহা বিমানবন্দরে আমেরিকার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা রয়েছে তা ইয়েমেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে নি।

ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে আবহা বিমানবন্দরের পর্যবেক্ষণ টাওয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবহা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে সৌদি আরব বলেছিল, সেখানে অন্তত ২৬ জন আহত হয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোট যে আগ্রাসন চালাচ্ছে তার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।