নাজরান অভিযানের সামান্য অংশ প্রকাশ করা হয়েছে: ইয়েমেনের তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i74090-নাজরান_অভিযানের_সামান্য_অংশ_প্রকাশ_করা_হয়েছে_ইয়েমেনের_তথ্যমন্ত্রী
ইয়েমেনের রাজনৈতিক নেতারা সৌদি আরবের নাজরানে ইয়েমেনি সেনাবাহিনীর সাম্প্রতিক বিশাল বিজয়কে আলে সৌদ সরকারের ভয়াবহ পরাজয় হিসেবে অভিহিত করে বলেছেন, এই পরাজয় রিয়াদ সরকারের পতন ত্বরান্বিত করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ০৬:০৩ Asia/Dhaka
  • ইয়েমেনের তথ্যমন্ত্রী দেইফুল্লাহ আশ-শামি
    ইয়েমেনের তথ্যমন্ত্রী দেইফুল্লাহ আশ-শামি

ইয়েমেনের রাজনৈতিক নেতারা সৌদি আরবের নাজরানে ইয়েমেনি সেনাবাহিনীর সাম্প্রতিক বিশাল বিজয়কে আলে সৌদ সরকারের ভয়াবহ পরাজয় হিসেবে অভিহিত করে বলেছেন, এই পরাজয় রিয়াদ সরকারের পতন ত্বরান্বিত করবে।

সম্প্রতি ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের নাজরান এলাকায় এক অভিযান চালিয়ে আগ্রাসী বাহিনীর তিনটি ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস এবং কয়েক হাজার সৌদি সেনাকে আটক করে ইয়েমেনের ভেতরে নিয়ে গেছে।ওই বিশাল বিজয়ের কথা উল্লেখ করে আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুসসালাম বলেছেন, সৌদি সেনা কর্মকর্তারা ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে তাদের সেনাবাহিনীকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

ইয়েমেনের তথ্যমন্ত্রী দেইফুল্লাহ আশ-শামি এ সম্পর্কে বলেছেন, আমাদের সেনা মুখপাত্র যতটুকু বলতে ও দেখাতে পেরেছেন তা ছিল এই অভিযানের ক্ষুদ্রতম একটি অংশ। ‘নাসরুম মিনাল্লাহ’ নামের এ অভিযান ১০০টি ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ অভিযানের আরো বহু অংশ রয়েছে যা ভবিষ্যতে প্রকাশ করা হবে।

আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুসসালাম

ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী হোসেইন বাসালিম বলেছেন, নাজরান অভিযান সৌদি অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা দেবে এবং রিয়াদ এ অভিযানের কথা ভুলে যাওয়ার চেষ্টা করবে।

ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, তারা তাদের দেশের ওপর আগ্রাসন পরিচালনাকারী সৌদি সেনাদের বিরুদ্ধে ‘নাসরুম মিনাল্লাহ’ নামের এক বিশাল অভিযান চালিয়েছেন। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় চালানো ওই অভিযানে শত শত সৌদি সেনা হতাহত এবং তাদের কয়েক হাজার সেনা বন্দি হয়েছে। গতকাল (রোববার) ইয়াহিয়া সারি আরেকটি সংবাদ সম্মেলন ডেকে সৌদি সেনাদের বিরুদ্ধে অভিযান এবং তাদের হাজার হাজার সেনার আটক হওয়ার ছবি ও ভিডিও চিত্র প্রদর্শন করেন।

ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন, তাদের অভিযানে সৌদি আরবের তিনটি ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং তারা গনিমতের মাল হিসেবে শত শত সমরাস্ত্র, ট্যাংক ও সাঁজোয়া যান হস্তগত করেছেন। #

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।