বাগদাদে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত: বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন
https://parstoday.ir/bn/news/west_asia-i74808-বাগদাদে_সরকার_বিরোধী_বিক্ষোভ_অব্যাহত_বিশেষ_নিরাপত্তা_বাহিনী_মোতায়েন
ইরাকের রাজধানী বাগদাদে আবারও ফিরে এসেছে প্রতিবাদীরা। আজ (রোববার) বাগদাদের কেন্দ্রীয় তাহরির স্কয়ারে শত শত প্রতিবাদী জড় হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৯ ১৫:২৮ Asia/Dhaka
  • ইরাকে সহিংস হয়ে-ওঠা সাম্প্রতিক বিক্ষোভ (ফাইল ছবি)
    ইরাকে সহিংস হয়ে-ওঠা সাম্প্রতিক বিক্ষোভ (ফাইল ছবি)

ইরাকের রাজধানী বাগদাদে আবারও ফিরে এসেছে প্রতিবাদীরা। আজ (রোববার) বাগদাদের কেন্দ্রীয় তাহরির স্কয়ারে শত শত প্রতিবাদী জড় হয়।

ইরাকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের এই ধারা মাঝে মধ্যেই উজ্জীবিত হয়ে উঠছে। সম্প্রতি দ্বিতীয় বারের মত তা জেগে ওঠে গত শুক্রবারে।

প্রথমদিকে এই বিক্ষোভ শান্তিপূর্ণ প্রতিবাদ-মিছিলে সীমিত থাকলেও পরে তা সরকারের পদত্যাগের দাবিতে প্রচণ্ড সহিংস হয়ে ওঠে। 

এদিকে ইরাকের সন্ত্রাস-বিরোধী বিশেষ অভিজাত বাহিনী আজ ঘোষণা করেছে যে উচ্ছৃঙ্খল লোকদের হাত থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ভবনগুলোকে রক্ষার জন্য রাজধানীর নানা সড়কে এই বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

দক্ষিণাঞ্চলে নাসিরিয়া শহরে এই বিশেষ বাহিনীর সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষ হয়েছে এবং তাদের কয়েক ডজনকে গ্রেফতার করা হয়েছে। 

ইরাকে প্রধানমন্ত্রী আদেল আল মাহদি সরকারের বিরুদ্ধে জেগে-ওঠা বিক্ষোভ-মিছিলের দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর থেকে অন্তত ৬৭ জন ইরাকি নিহত ও কয়েক শত আহত হয়েছে। চলতি মাসের শুরুর দিক থেকে এ পর্যন্ত এই প্রতিবাদ-সংঘাতে ১৫০ জনেরও বেশি ইরাকি নিহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে।

ইরাকের জাতীয় ঐক্যের বিরোধী সম্ভাব্য শত্রুদের ভাড়া করা সন্ত্রাসীরা প্রতিবাদীদের ভেতরে ঢুকে পড়ে সহিংসতা চালাচ্ছে বলে ইরাকের নিরাপত্তা বাহিনী উল্লেখ করেছে। তারা এ ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন। #

পার্সটুডে/এমএএইচ/২৭