যুদ্ধবিরতি সত্ত্বেও ইদলিবে সেনা রাখবে তুরস্ক
-
ইদলিবে বিধ্বস্ত ভবনের পাশে তুরস্কের একটি ট্যাংক (১০ মার্চের ছবি)
তুরস্ক বলেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সেনা মোতায়েন থাকবে। আঙ্কারা সুস্পষ্ট করে বলেছে, ইদলিব থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।
আজ (বৃহস্পতিবার) তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হলুসি আকার বলেন, ইদলিবের যুদ্ধবিরতি নিয়ে রাজধানী আঙ্কারায় রাশিয়া ও তুরস্কের কর্মকর্তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বৃহৎ পরিসরে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে। হুলুসি আকার বলেন, রুশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, “ইদলিবে যদি যুদ্ধবিরতি লঙ্ঘন হয়, তারপরও সেখানে সেনা মোতায়েন বজায় রাখবে তুরস্ক।”
সম্প্রতি ইদলিবে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সিরিয়া এবং রাশিয়ার সেনারা জোরালো অভিযান শুরু করেছে। সেখানে বেশ কয়েকটি উগ্রগোষ্ঠীকে সমর্থন দিচ্ছে তুরস্ক। এমনকি সিরিয়ার বাহিনীর গতিরোধ করতে তুরস্ক সেখানে সেনা পাঠায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। এরই এক পর্যায়ে গত ৫ মার্চ রাশিয়া ও তুরস্কের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।#
পার্সটুডে/এসআইবি/১২