দুবাই বন্দরে নোঙ্গর করা জাহাজে ভয়াবহ বিস্ফোরণ
https://parstoday.ir/bn/news/west_asia-i94300-দুবাই_বন্দরে_নোঙ্গর_করা_জাহাজে_ভয়াবহ_বিস্ফোরণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙ্গর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বুধবার রাতের ওই বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ০৮, ২০২১ ০৫:৪৪ Asia/Dhaka

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙ্গর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বুধবার রাতের ওই বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।

দুবাই’র গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “নগরীর জেবেল আলী বন্দরে নোঙ্গর করা একটি জাহাজে আগুন ধরে গেছে। দুবাই সিভিল ডিফেন্সের একটি দল আগুন নেভানোর কাজ করছে।” বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে উচ্চ আকাশে একটি অগ্নিগোলক উঠে যেতে দেখা যায়।তবে এ ঘটনায় কারো হতাহত হওয়া বা জেবেল আলী বন্দর কিংবা পার্শ্ববর্তী জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।

জেবেল আলী বন্দরের আশপাশের অধিবাসীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, জাহাজটিতে বিস্ফোরণের সময় পার্শ্ববর্তী এলাকার ভবনগুলো কেঁপে ওঠে। রাত ১১টা ৪৫ মিনিটের ওই বিস্ফোরণের ঝাঁকুনি বন্দর থেকে ২৫ কিলোমিটার দূরের অধিবাসীরাও অনুভব করেছেন।

এপির দুবাই সংবাদদাতা ক্লিমেন্স লেফাইক্স জানান, তিনি তার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে প্রথমে আকাশে একটি উজ্জ্বল অগ্নিগোলক দেখতে পান এবং এরপর প্রচণ্ড শব্দে তার বাসভবনের জানালার কাচ কেঁপে ওঠে।

দুবাই কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোররাতে জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে। দুবাই’র গভর্নরের গণমাধ্যম অধিদপ্তর পরে এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।