লেবাননী প্রতিনিধিদলের সফর
সিরিয়ার মধ্যদিয়ে গ্যাস ও বিদ্যুৎ আমদানির সুযোগ দেবে দামেস্ক
-
সিরিয়া সফরে লেবাননের প্রতিনিধিদল
সিরিয়ার ভেতর দিয়ে মিশর এবং জর্দান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির জন্য লেবাননের সরকার যে অনুরোধ জানিয়েছে তাতে সাড়া দিয়েছে দামেস্ক।
গতকাল (শনিবার) লেবানন-সিরিয়া হাই কাউন্সিলের মহাসচিব নাসরি খুরি এই ঘোষণা দেন। তিনি বলেন, সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে মিশর থেকে গ্যাস এবং জর্দান থেকে বিদ্যুৎ আমদানির যে প্রস্তাব দিয়েছে লেবাননের প্রতিনিধিদল তাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে দামেস্ক।
এর আগে লেবাননের উপ-প্রধানমন্ত্রী জিনা আকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল আল-মিকদাদের সঙ্গে বৈঠক করে।
বেশ কিছুদিন ধরে লেবানন তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভুগছে। এ সমস্যা সমাধানের জন্য বৈরুত সরকার মিশরের কাছ থেকে গ্যাস এবং জর্দান থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিরিয়ার ভূখণ্ড ব্যবহারের প্রয়োজন হবে।
গত এক দশকের মধ্যে এটি লেবাননের কোন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সিরিয়া সফর।#
পার্সটুডে/এসআইবি/৫