রাশিয়ার বেলগোরোদ শহরের তেল ডিপোতে ইউক্রেন হামলা
https://parstoday.ir/bn/news/world-i105992-রাশিয়ার_বেলগোরোদ_শহরের_তেল_ডিপোতে_ইউক্রেন_হামলা
রাশিয়ার বেলগোরোদ শহরের একটি ডিপোতে বিমান হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এ অভিযোগ করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০১, ২০২২ ১২:৪০ Asia/Dhaka

রাশিয়ার বেলগোরোদ শহরের একটি ডিপোতে বিমান হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এ অভিযোগ করেন।

আজ (শুক্রবার) রুশ সংবাদমাধ্যম আরটি'র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে বেলগোরোদ অঞ্চলের প্রশাসনিক রাজধানীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৬টা থেকে আগুনের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।  

বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, আজ সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেলের গুদামে হামলা চালানো হয়, যেগুলো কম উচ্চতায় উড়তে গিয়ে রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করে। এর পরপরই সেখানে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ডিপোর দুই কর্মী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, রাশিয়ার জরুরি বিভাগের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নোভোস্তি জানিয়েছে, বেলগোরোদ শহরে তেলের গুদামের আটটি জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে। আরও আটটি ট্যাংকে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, গত বুধবার বেলগোরোদ শহরের একটি অস্ত্রাগারেও বিস্ফোরণ হয়। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরণেরই দায় স্বীকার করেনি ইউক্রেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১