পুতিনের দুই মেয়ের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/world-i106372-পুতিনের_দুই_মেয়ের_ওপর_ইউরোপীয়_ইউনিয়নের_নিষেধাজ্ঞা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে-সহ দেশের আরও ২০০ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং তার অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৯, ২০২২ ১১:৩৩ Asia/Dhaka
  • পুতিন ও তার দুই মেয়ে
    পুতিন ও তার দুই মেয়ে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে-সহ দেশের আরও ২০০ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং তার অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

গতকাল (শুক্রবার) ইউরোপীয় ইউনিয়নের সরকারি জার্নাল জানিয়েছে যে, এই জোট রাশিয়ার নেতা ভাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরন্তসোভা ও ক্যাটেরিনা তিখোনোভা এবং আরো ২১৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় এসব ব্যক্তির সম্পত্তি জব্দ করা হবে এবং তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনশেনকভ

এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার যেসব গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা রয়েছেন তারা হলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনশেনকভ, রাশিয়ার স্বারব্যাংকের প্রধান হারম্যান গ্রেফ, ধনকুবের দেরিপাসকা, বিপুল ধন সম্পদের অধিকারী রোটেনবার্গ পরিবারের কয়েকজন সদস্য এবং পূর্ব ইউক্রেনে পুতিনের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক প্রশাসনের সদস্য।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জেসেপ বোরেল এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেছেন, “আমরা আবারো রাশিয়ার রাজনীতি, বাণিজ্য এবং প্রোপাগান্ডা অ্যাক্টিভিস্টদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনছি। এর পাশাপাশি অর্থনৈতিক, সামরিক শিল্প সংক্রান্ত এবং পরিবহন খাতের লোকজনও রয়েছে।”

পুতিনের দুই মেয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত বলে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে- এমন দাবি করছে ইউরোপীয় ইউনিয়ন।#

পার্সটুডে/এসআইবি/৯